
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য এই মাটিতে রক্ত দিয়ে গেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, “আমাদের মুক্তিযুদ্ধে সারা পৃথিবী জড়িত ছিল। ভারত ৩ ডিসেম্বর ১৯৭১ সালে আমাদের সহযোগিতা করার জন্য অংশগ্রহণ করেছিল। এবং তার হাজার হাজার সৈন্য এই মাটিতে রক্ত দিয়ে গেছে। ভারত আমাদের দেশের স্বাধীনতার জন্য ঝুঁকি নিয়েছিল।”
তিনি আরও বলেন, “আমাদের জন্য সোভিয়েত ইউনিয়ন নিরাপত্তা পরিষদে ভেটো দিয়েছিল, তা না হলে আমাদের দেশ স্বাধীন হতো কিনা সন্দেহ ছিল। সেই মুক্তিযুদ্ধের সঙ্গে যখন এক মাসের গণ-আন্দোলনকে তুলনা করা হয় তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি মনে মনে ভাবি হয়তো বা আমি মরে গেলেই ভালো হতো।”
ফজলুর রহমানের এই বক্তব্য সংসদে উল্লেখযোগ্য আলোচনার জন্ম দিয়েছে। তিনি মুক্তিযুদ্ধের ইতিহাসকে সঠিকভাবে তুলে ধরার পাশাপাশি বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের গুরুত্ব তুলে ধরেন।
খবরচিত্র.কম
মন্তব্য করুন