
ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর এবার উপসাগরীয় আরব দেশগুলোতেও যুদ্ধের দামামা বেজে উঠেছে। বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং কাতারে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, এই তিনটি দেশেই যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি অবস্থিত। বিস্ফোরণের পর আবুধাবির আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি নির্দেশনা জারি করে দেশের সকল নাগরিককে অবিলম্বে নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে।
ধারণা করা হচ্ছে, এই বিস্ফোরণগুলো হয় ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র/ড্রোন হামলার ফল, অথবা মার্কিন-ইসরায়েলি বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার সময় ঘটেছে।
ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে: “ইরান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে। আমরা সেগুলো প্রতিহত করার চেষ্টা করছি। নাগরিকদের আশ্রয়কেন্দ্রে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”
ইসরায়েলের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন—ইরান যদি আরও বড় আকারে পাল্টা হামলা চালায়, তাহলে উপসাগরীয় অঞ্চলসহ পুরো মধ্যপ্রাচ্য যুদ্ধের আগুনে জ্বলে উঠতে পারে।
খবর চিত্র প্রতিবেদক
মন্তব্য করুন