
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে যাত্রাবাড়ী থানার নতুন একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।
গত মঙ্গলবার (১০ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান এ আবেদন করেন। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৩০ মার্চ দিন ধার্য করেন।
এ মামলায় খায়রুল হক হত্যা ও দুর্নীতিসহ পাঁচটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও ঈদের আগে তার কারামুক্তি হচ্ছে না।
আদালত ও মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়িতে মাদরাসাছাত্র মো. আরিফ নিহতের ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, গত বছরের ১৯ জুলাই সকাল ৯টার দিকে যাত্রাবাড়ির কুতুবখালী এলাকার বউবাজার রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে চোখে গুলি লাগে লর্ড হার্ডিঞ্জং ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র মো. আরিফের। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট আরিফের বাবা মো. ইউসুফ বাদী হয়ে যাত্রাবাড়ি থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪৩ জনের বিরুদ্ধে মামলা করেন।
এর আগে গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।
খবর চিত্র প্রতিবেদক
মন্তব্য করুন