
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার বাগদিয়া ও সামন্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মহেশপুরের বাগদিয়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে হযরত আলী (১৮) এবং সামন্তা চারাতলা পাড়ার আনোয়ার হোসেনের ছেলে আসের আলী ওরফে রাজু (১৯)।
স্থানীয় সূত্র জানায়, গত ২৬ মার্চ সন্ধ্যায় ওই স্কুলছাত্রী পাশের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথিমধ্যে সামন্তা বাগদিয়া গ্রামের রাস্তা থেকে দুই যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাদের সঙ্গে আরও দুই যুবক যোগ দেয়। তারা ওই স্কুলছাত্রীর হাত বেঁধে ও মুখ চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার ভিডিও ধারণ করে এক যুবক এবং ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে হুমকি দেয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “এ ঘটনায় ওই স্কুলছাত্রীর ফুফু বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন। পরে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে। তাদের আদালতে পাঠানো হবে।”
খবর চিত্র প্রতিবেদক
মন্তব্য করুন