
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ সদস্য হত্যার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪২ জনকে আসামি করে মামলা দায়েরের আবেদন করা হলেও তা গ্রহণ করেননি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।
গত রবিবার (৮ মার্চ) জালাল হোসেন নামের এক ব্যক্তি ঢাকার সিএমএম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। বাদী জালাল হোসেন মৌলভীবাজার জেলার জুড়ী থানার জাংগিরাই গ্রামের আব্দুল খালেকের পুত্র।
আবেদনে আসিফ মাহমুদসহ যাদের বিরুদ্ধে অভিযোগ আনার চেষ্টা করা হয়েছে তারা হলেন—সাবেক সমন্বয়ক আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, আব্দুল হান্নান মাসউদ, উমামা ফাতেমা, রিফাত রশিদ, হাসিব আল ইসলাম, নুসরাত তাবাসসুম, তাহমিদ আল মুদাসসির চৌধুরী প্রমুখ।
অভিযোগের বিষয়ে সব শুনে পর্যালোচনা করে আদালত মামলাটি আমলে নেননি।
এদিকে বিষয়টি আজ বৃহস্পতিবার (১২ মার্চ) জানাজানি হলে সমন্বয়ক আব্দুল কাদের ফেসবুকে লেখেন: “পুলিশ হত্যা মামলার আবেদনে আমাকে ২ নাম্বার আসামি বানানো হয়েছে। আওয়ামী লীগের আমলেও দুইটা মামলা হয়েছে। ওখানের একটা মামলায় ২ নাম্বার আসামি ছিলাম। ওই মামলায় অবশ্য জেলেও খেটেছিলাম। এবার কপালে কি আছে, আল্লাহ মাবুদ ভালো জানে!”
খবর চিত্র প্রতিবেদক
মন্তব্য করুন