
দেশের বিভিন্ন স্থানে গতকাল থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির কারণে দেশের পাঁচ জেলায় বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া জানান, মৌলভীবাজার, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ইতিমধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে বন্যা শুরু হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টি আগামী অন্তত ৫ দিন অর্থাৎ ৪ মে পর্যন্ত থাকতে পারে। থেমে থেমে বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হবে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে — ১৬১ মিলিমিটার। এ ছাড়া ভোলায় ১৫১ মিলিমিটার এবং ফেনীতে ১৪৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
বর্তমানে দেশের চারটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এগুলো হলো — ভুগাই কংস, মনু, সোমেশ্বরী ও মগরা। সুরমা ও কুশিয়ারা নদীর পানিও এক থেকে দেড় মিটার বেড়েছে।
পার্থ প্রতীম বড়ুয়া বলেন, “এসব নদী আকারে ছোট। তাই ভারী বৃষ্টি হলে দ্রুত পানি বেড়ে যায়। বৃষ্টি কমে গেলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।”
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল রাত থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। আজ সকাল থেকেও ঢাকায় বৃষ্টি চলছে।
খবরচিত্র.কম
মন্তব্য করুন