চৈত্রের তাপদাহের মধ্যেও দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে ঢাকাসহ কয়েকটি অঞ্চলে স্বস্তির বৃষ্টি হয়েছে। এতে গরম থেকে সাময়িক স্বস্তি মিললেও দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখনও প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। তবে এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্র ও শনিবার দেশের প্রায় সব বিভাগেই একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার পাশাপাশি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার তাপমাত্রা স্থিতিশীল থাকলেও শনিবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
রোববার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কিছু স্থানে শিলাবৃষ্টি হতে পারে। এদিন রাতের তাপমাত্রা কিছুটা কমলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সোমবার দেশের বিভিন্ন বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও শিলাবৃষ্টির সম্ভাবনা নেই। এদিন দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
এদিকে বুধবার টাঙ্গাইলে সর্বোচ্চ ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া ঢাকা, গাজীপুর ও শ্রীমঙ্গলসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। একই দিনে রাঙামাটিতে দেশের সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, আর ঢাকায় ছিল ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে তাপমাত্রা ধীরে ধীরে আরও বাড়তে পারে।
মন্তব্য করুন