
সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনার মধ্যে অবশেষে মুখ খুললেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। তিনি জানিয়েছেন, তার বাগদান সম্পন্ন হয়েছে, তবে বিয়ে এখনও হয়নি।
বুধবার (১ এপ্রিল) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে লুবাবা লিখেছেন:
“আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়েই আমাদের বিয়ে সম্পন্ন হবে, ইনশাআল্লাহ। আমরা সবার কাছে দোয়াপ্রার্থী।”
এর আগে মঙ্গলবার বিকেলে একটি ছবি পোস্ট করে লুবাবা লিখেছিলেন, “আলহামদুলিল্লাহ। দুটি আত্মা, এক কিবলা। দুনিয়া ও আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।”
এই পোস্ট থেকেই তার বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়। ছবিতে বর-কনের মুখ স্পষ্ট না থাকায় এবং পাত্রের পরিচয় প্রকাশ না করায় সামাজিক মাধ্যমে নানা জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়ে। অনেকে তার বয়স নিয়ে প্রশ্ন তুলে বাল্যবিবাহের অভিযোগও তোলেন।
প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা ছোটবেলা থেকেই মিডিয়ায় পরিচিত। শিশুশিল্পী হিসেবে শুরু করে পরবর্তীতে অভিনয় ও মডেলিংয়ে সক্রিয় ছিলেন তিনি। গত বছরের শেষের দিকে বিনোদন জগৎ ছেড়ে ধর্মীয় অনুশীলনে মনোযোগ দেওয়ার ঘোষণা দেন।
বর্তমানে তিনি জানিয়েছেন, বাংলাদেশের আইন অনুসারে নির্ধারিত বয়সে বিয়ে সম্পন্ন করবেন।
মন্তব্য করুন