
দেশের সংগীতাঙ্গনের একসময়ের জনপ্রিয় দম্পতি ডলি সায়ন্তনী ও রবি চৌধুরীর বিচ্ছেদ নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি একটি পডকাস্টে রবি চৌধুরী সাবেক স্ত্রী ডলি সায়ন্তনীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছেন।
রবি চৌধুরী দাবি করেন, ডলির সঙ্গে ‘বিপ্লব’ নামের এক ড্রাইভারের সম্পর্ক ছিল। তার মতে, এই ঘটনাই তাদের সংসার ভাঙার অন্যতম কারণ। তিনি আরও বলেন, ডলির ফোনে একটি নম্বর ‘দুলাভাই’ নামে সেভ করা ছিল। সন্দেহ হওয়ায় খোঁজ নিয়ে জানতে পারেন, ওই ব্যক্তির আসল নাম বিপ্লব। তিনি দক্ষিণ কোরিয়ায় গাড়ি চালান। কোরিয়া সফরে গেলে বিপ্লবই তাদের গাড়ি চালাতেন। রবি জানান, বিষয়টি নিয়ে ডলির পরিবারের সঙ্গেও কথা বলেন। ডলির বড় ভাই সংগীতশিল্পী বাদশা বুলবুলের সঙ্গে নম্বরটি যাচাই করেন। তখন জানা যায়, ওই নামে তাদের পরিবারের কোনো দুলাভাই নেই। এরপর সন্দেহ নিশ্চিত হয়ে ডলিকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন।
এই অভিযোগের জবাবে ডলি সায়ন্তনী ফেসবুকে একটি স্ট্যাটাসে বলেন: “সম্প্রতি আমাদের পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব তথ্য ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। ইচ্ছাকৃতভাবে বিষয়টি নিয়ে বিতর্কে যেতে চাই না। সম্মান ও আইনের প্রতি আস্থা রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”
তিনি আরও বলেন: “ডিভোর্স আমি দিয়েছিলাম। কেন দিয়েছিলাম সেটি এই মুহূর্তে আর বলতে চাই না। ডিভোর্স দেওয়ার পর সেই সময়েই প্রকাশ্যে প্রেস কনফারেন্সে বিস্তারিত বলে দিয়েছিলাম। অতএব এতবছর পর এসব নিয়ে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই। আমাদের নীরবতাকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই। আমরা আমাদের মতো আছি, বাকিটা সময়ের হাতে।”
ব্যক্তিগত বিষয়কে অযথা আলোচনার বিষয় না বানানোরও অনুরোধ জানিয়েছেন ডলি সায়ন্তনী।
দীর্ঘদিন নীরব থাকার পর এই দম্পতির বিচ্ছেদ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
খবর চিত্র প্রতিবেদক
মন্তব্য করুন