
রাজধানীর ধানমন্ডিতে ভ্যান ভাড়া নিয়ে বিরোধের জেরে পিঠা বিক্রেতার ছুরিকাঘাতে এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহতের নাম মো. রনি খন্দকার (৪৭)। তিনি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শ্যামপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদ খন্দকারের ছেলে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) রাতে ধানমন্ডি ৩ নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছেলে রায়হান খন্দকার।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুরুতর আহত অবস্থায় রনিকে উদ্ধার করে স্থানীয় পপুলার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ধানমন্ডি থানার পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের ছেলে রায়হান খন্দকার জানান, মঙ্গলবার রাতে ধানমন্ডি ৩ নম্বর রোড এলাকায় ভ্যান ভাড়া নিয়ে পিঠা বিক্রেতার সঙ্গে তার বাবার তর্কবিতর্ক হয়। একপর্যায়ে পিঠা বিক্রেতা রুবেল তার বাবাকে মারধর করে এবং ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। আশপাশের লোকজন এগিয়ে এসে একজনকে আটক করলেও মূল অভিযুক্ত রুবেল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
রনি খন্দকার হাজারীবাগ বউবাজার এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি দুই ছেলের জনক ছিলেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মূল অভিযুক্ত রুবেলকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ভ্যান ভাড়া নিয়ে পিঠা বিক্রেতার সঙ্গে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে রুবেল আমার বাবাকে মারধর করে এবং ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন।
— রায়হান খন্দকার নিহত রনি খন্দকারের ছেলে (২৭ জানুয়ারি ২০২৬)
মন্তব্য করুন