
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, প্রতিপক্ষরা বুঝতে পেরেছে যে জামায়াতের নারী কর্মীদের কর্মকাণ্ড তাদের মোট কর্মকাণ্ডকে ছাপিয়ে যেতে পারে। এজন্য সারাদেশে নারীদের ওপর আক্রমণ, হেনস্তা ও ভীতি সৃষ্টির পরিবেশ তৈরি করা হচ্ছে। তারা সন্ত্রাসী কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনে তথাকথিত বিজয়ের চেষ্টা করছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নির্বাচন ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জামায়াতের মহিলা বিভাগ খুবই সক্রিয়। তারা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং পুরুষ কর্মীদের মতোই ভোটারদের কাছে পৌঁছাচ্ছেন। জামায়াতের অ্যাসেসমেন্ট অনুযায়ী, সারাদেশে নারী সমর্থক বেশি এবং নারীরা জামায়াতকে বেশি ভোট দেবেন, কারণ নারীরা শান্তিপ্রিয়।
ডা. তাহের অভিযোগ করেন, দেশের বহু জায়গায় জামায়াতের নারী কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, মারধর শুরু হয়েছে এবং কেন্দ্র নিয়ন্ত্রণ ও দখলের মহড়া দেওয়া হচ্ছে। প্রতিপক্ষ জানে যে জনপ্রিয়তার ভিত্তিতে জনগণের রায় পাওয়ার সম্ভাবনা কম, তাই কেন্দ্র দখলই তাদের জেতার প্রধান মাধ্যম।
তিনি বলেন, যারা নারীর অধিকার ও স্বাধীনতার কথা বেশি চিৎকার করে, তারাই রাজনৈতিক কারণে নারীদের ওপর হামলা করছে। রেডিও-টেলিভিশনে শোনা যাচ্ছে, তারা জিহ্বা কেটে দেওয়া ও জামায়াতকে ভোট দিলে হাত কেটে নেওয়ার হুমকি দিচ্ছে।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে তা দেশ-বিদেশে গ্রহণযোগ্য হবে না উল্লেখ করে তিনি বলেন, এই সরকারের প্রধান প্রতিশ্রুতি ছিল নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন। নির্বাচন সুষ্ঠু না হলে যাই ফলাফল হোক, তা গ্রহণযোগ্য হবে না। এত বড় আন্দোলনের পর নির্বাচন গ্রহণযোগ্য না হলে ভবিষ্যৎ অন্ধকার।
সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়ে তিনি বলেন, জোর করে ক্ষমতায় গেলে আগের চেয়ে খারও অবস্থা হবে। কেউ যদি জোর করে ক্ষমতায় যাওয়ার চিন্তা করে, তা মারাত্মক ভুল। জনগণ তাদের প্রতিরোধ করে আবার পতন ঘটাবে।
তিনি আরও বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪-এর মতো নির্বাচন হলে এবারও গ্রহণযোগ্য হবে না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের প্রমুখ।
প্রতিপক্ষরা বুঝতে পেরেছে, জামায়াতের নারী কর্মীদের কর্মকাণ্ড তাদের মোট কর্মকাণ্ডকে ছাপিয়ে যেতে পারে। এজন্য নারীদের ওপর আক্রমণ, হেনস্তা ও ভীতি সৃষ্টি করা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু না হলে দেশ-বিদেশে গ্রহণযোগ্য হবে না।
— ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী (২৭ জানুয়ারি ২০২৬)
মন্তব্য করুন