
ঢাবি ক্যাম্পাসে নির্বাচনি প্রচারণা শুরু; হাদি হত্যার বিচার দাবি, সরকার-ইসি’র পক্ষপাতের অভিযোগ
ঢাকা-১১ আসনের এমপি প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, ১০ দলীয় জোট বিপুল ভোটে জয়ী হয়ে আগামী সরকার গঠন করবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তিন নেতার মাজারে শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি করেন। এর মধ্য দিয়ে দলের নির্বাচনি প্রচারণার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
নাহিদ ইসলাম বলেন, “এই জনপদের সবকিছুর সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে। তাই এখান থেকেই বাংলার পূর্বপুরুষদের স্মরণ করে এই যাত্রা শুরু করছি।”
তিনি এবারের নির্বাচনকে “আধিপত্যবাদ বিরোধী আজাদীর যাত্রা” হিসেবে আখ্যায়িত করে বলেন, “এই যাত্রার প্রধান এজেন্ডা হচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার। নির্বাচনের আগেই হাদি হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করতে হবে।”
সরকার ও নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, “একটি দলের পক্ষে বিশেষ অবস্থান নিয়েছে সরকার এবং ইসি। এই পক্ষপাতমূলক অবস্থানের কারণে নির্বাচনী পরিবেশ প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে।”
এ সময় ঢাবি ক্যাম্পাসে উপস্থিত শিক্ষার্থী ও নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, জনগণের ম্যান্ডেট নিয়ে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, এটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই।”
প্রচারণার শুরু ঢাবির তিন নেতার মাজারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনি প্রচারণা শুরু হয়। নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন দলের অন্যান্য কেন্দ্রীয় নেতা ও ঢাকা-১১ আসনের নির্বাচনি পরিচালনা কমিটির সদস্যরা।
দলীয় সূত্র জানায়, নাহিদ ইসলাম আগামী দিনগুলোতে ঢাকা-১১ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও জনসভা করবেন। তিনি জোটের অন্যান্য প্রার্থীদের সঙ্গে সমন্বয় করে প্রচারণা চালাবেন।
মন্তব্য করুন