
১০-১২ বিএনপি নেতাকর্মীর বাড়ি লক্ষ্য করে তাণ্ডব; এলাকায় উত্তেজনা
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত ১০-১২টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলার নেতৃত্ব দিয়েছেন এমন ব্যক্তিরা যারা কয়েক দিন আগে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) মধ্যরাতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা জানান, ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাসের সমর্থক সেন্টু কাজী, জামাল কাজী ও সুমন কাজীর নেতৃত্বে হামলা চালানো হয়। তারা সম্প্রতি আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন। হামলায় ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকদারের বাড়িসহ একাধিক বাড়িতে ভাঙচুর করা হয়। নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করা হয়।
ক্ষতিগ্রস্ত শাহজাহান শিকদার বলেন, “যারা হামলা করেছে তারা কয়েক দিন আগে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়েছে। রাজনৈতিক খোলস বদলে পরিকল্পিতভাবে আমাদের লক্ষ্য করে তাণ্ডব চালিয়েছে।”
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা যেকোনো সময় প্রতিশোধমূলক সংঘর্ষের আশঙ্কা করছেন।
সদরপুর থানার ওসি বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনা নির্বাচনী পরিবেশে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।
মন্তব্য করুন