
কারাকাস/ওয়াশিংটন, ৬ জানুয়ারি ২০২৬: ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী ও ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো তার পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে চান বলে জানিয়েছেন। তিনি বলেন, ট্রাম্প এ পুরস্কার পাওয়ার যোগ্য—বিশেষ করে নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের পর আরও বেশি।
স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাচাদো এসব কথা বলেন। তিনি মাদুরোকে নার্কো-টেররিজম অভিযোগে গ্রেপ্তারে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন।
মাচাদো বলেন, “আমি খুব স্পষ্টভাবে বলতে চাই—যেই মুহূর্তে আমি জানতে পারি যে আমাদের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে, তখনই আমি এটি প্রেসিডেন্ট ট্রাম্পকে উৎসর্গ করেছি। কারণ আমি বিশ্বাস করতাম, তিনি এটি পাওয়ার যোগ্য। অনেকেই বলেছিল, গত শনিবার (৩ জানুয়ারি) যা তিনি করেছেন, তা অসম্ভব। আমি অক্টোবর থেকেই মনে করতাম তিনি এটি প্রাপ্য—এখন তো আরও বেশি।”
তিনি আরও বলেন, “৩ জানুয়ারি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে যেদিন ন্যায়বিচার স্বৈরাচারকে পরাজিত করেছে। এটি একটি মাইলফলক—শুধু ভেনেজুয়েলার জনগণের জন্য নয়, মানবজাতির জন্যও বিশাল অগ্রগতি, স্বাধীনতা ও মানব মর্যাদার জন্য।”
মাচাদো জানান, তিনি অক্টোবরের পর ট্রাম্পের সঙ্গে কথা বলেননি। তবে ভেনেজুয়েলার জনগণের পক্ষ থেকে ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ব্যক্তিগতভাবে পুরস্কার ভাগ করে নিতে চান। “ভেনেজুয়েলার জনগণ এটি তাকে দিতে এবং তার সঙ্গে ভাগ করে নিতে চায়,” বলেন তিনি।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস গ্রেপ্তার হন। মাদুরো নিউইয়র্কে আদালতে হাজির হয়ে অভিযোগ অস্বীকার করেছেন। ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা পরিচালনা করবে নিরাপদ ট্রানজিশন পর্যন্ত।
মাচাদো নোবেল গ্রহণের পর দেশে ফেরেননি, তবে শিগগির ফিরবেন বলে জানিয়েছেন। ট্রাম্প সম্প্রতি মাচাদোর নেতৃত্বের সম্ভাবনা নাকচ করে বলেছেন, তার দেশে পর্যাপ্ত সমর্থন বা সম্মান নেই।
ভেনেজুয়েলার রাজনৈতিক সংকট চলমান, আন্তর্জাতিক সম্প্রদায় এ অভিযানের সমালোচনা করেছে।
মন্তব্য করুন