
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদলের ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ দেয়াল লিখনের পাশে ফটোসেশন করেছেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। বুধবার (২২ এপ্রিল) বিকেল ৫টার দিকে কেন্দ্রীয় লাইব্রেরির পাশে এ ঘটনা ঘটে।
রাবি ছাত্রশিবিরের দাওয়াহ সম্পাদক ও মতিহার হল সংসদের ভিপি তাজুল ইসলাম বলেন, “ছাত্রশিবিরকে গুপ্ত সংগঠন বলার কোনো সুযোগ নেই। আমরা ক্যাম্পাসে প্রকাশ্যে ক্যারিয়ার গাইডলাইন, প্রকাশনা উৎসব, ফ্রি মেডিকেল ক্যাম্প, গোলটেবিল বৈঠক ও নববর্ষ প্রদর্শনীসহ নানা কর্মসূচি চালিয়েছি। আমাদের নেতাকর্মীরা রাকসু ও হল সংসদে নির্বাচিত হয়েছে। তাহলে আমাদের গুপ্ত বলা হয় কেন?”
তিনি আরও বলেন, “যারা দীর্ঘদিন গুপ্ত রাজনীতি করেছে, তারাই এখন ‘গুপ্ত’ শব্দটি ব্যবহার করছে। আমরা ১৭ বছর দেশে থেকে জেল-জুলুম সহ্য করেছি, বিদেশে পালিয়ে যাইনি।”
রাবি ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, “আমরা চা খেতে যাচ্ছিলাম। ছাত্রদলের ভাইয়েরা দেয়াল লিখন করেছে, তাই পাশে ছবি তুলেছি। আমরা তাদের দাবির সঙ্গে একমত—গুপ্ত রাজনীতির কোনো সুযোগ নেই। যারা বিপদে দেশ ছেড়ে পালিয়ে যায়, মানুষ তাদের রাজনীতি চায় না।”
চট্টগ্রাম সিটি কলেজে দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষের প্রতিবাদে মঙ্গলবার রাতে বিক্ষোভ করে ছাত্রদল। পরদিন বুধবার সকালে ক্যাম্পাসে ‘জামায়াত-শিবিরের গুপ্ত রাজনীতি নিষিদ্ধ’ দাবিতে দেয়াল লিখন করে তারা।
রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “শিবির ও জামায়াতের গোপন রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধে আমরা এ কর্মসূচি পালন করছি। ক্যাম্পাসে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।”
খবরচিত্র.কম
মন্তব্য করুন