
বিএনপি সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমরা ১৯৫২, ১৯৭১ ও ২০২৪-এর চেতনা ধারণ করে এগিয়ে যেতে চাই। আল্লাহ আমাদের জনকল্যাণমুখী একটি রাষ্ট্র গঠনের শক্তি দিক।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আপনারা আমাকে সমর্থন জানিয়েছেন। আমি আপনাদের ঋণ কখনো শোধ করতে পারব না। শিগগিরই ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করা হবে। ইপিজেড ও বিমানবন্দর চালুকরণের কার্যক্রম চলমান রয়েছে। কৃষকদের ১০ হাজার টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে।”
এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ইএসডিও নির্বাহী পরিচালক ড. শহীদউজ্জামানসহ স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এটি ছিল মির্জা ফখরুলের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঠাকুরগাঁওয়ে প্রথম সরকারি সফর। তিনি দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে অবস্থান করছেন। সফরকালে তিনি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
খবর চিত্র প্রতিবেদক
মন্তব্য করুন