
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারি কর্মকর্তাদের পাঁচ বছরের বেশি চাকরি করা উচিত নয়। এতে তাদের মাইন্ডসেট হয়ে যায় এবং সৃজনশীলতা নষ্ট হয়ে যায়। প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ বছর পর পর নতুন করে শুরু করা উচিত, কারণ সময়ের সঙ্গে লক্ষ্য পরিবর্তন হলেও মানুষ পুরোনো ধ্যানধারণা নিয়ে বসে থাকে।
আজ বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে তিনি ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’-এর ওয়েবসাইট ও লোগো উন্মোচন করেন।
তিনি সবাইকে চাকরির দিকে না ঝুঁকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়ে বলেন, সবার জন্য চাকরি নিশ্চিতের ধারণা একটি ভুল জিনিস। এটি একটি দাস প্রথার শামিল। উদ্যোক্তা হওয়ার জন্য সরকারকে সহায়তা করতে হবে।
ড. ইউনূস আরও বলেন, জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে। জুলাই আন্দোলন যেমন রাজনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিল, তেমনি এই ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার উন্মোচন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ ভূঞা এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম।
সরকারি কর্মকর্তাদের পাঁচ বছরের বেশি চাকরি করা উচিত নয়। তাহলে মাইন্ডসেট হয়ে যায়, সৃজনশীলতা নষ্ট হয়। সবার জন্য চাকরি নিশ্চিতের ধারণা একটি ভুল জিনিস। এটি দাস প্রথার শামিল। উদ্যোক্তা হওয়ার জন্য সরকারকে সহায়তা করতে হবে। জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে।
— ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, বাংলাদেশ অন্তর্বর্তী সরকার (২৮ জানুয়ারি ২০২৬)
মন্তব্য করুন