
গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের রাউতখামার গ্রামের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত যুবক অন্তর মোল্লা (৩০) গ্রেফতার হওয়ায় এলাকায় আনন্দের বন্যা বইছে। তার গ্রেফতারে খুশি হয়ে স্থানীয় উলপুর বাজারের ভুক্তভোগী ব্যবসায়ীরা মিষ্টি বিতরণ করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকালে গোপালগঞ্জ থানার বৌলতলী তদন্তকেন্দ্রের পুলিশ সদর উপজেলার ওই গ্রাম থেকে অন্তর মোল্লাকে গ্রেফতার করে। তিনি মিজান মোল্লার ছেলে।
বৌলতলী তদন্তকেন্দ্রের ইনচার্জ মোল্লা আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ৫ আগস্টের পর থেকে অন্তর মোল্লা উলপুর বাজারের ব্যবসায়ী ও আশপাশের এলাকাবাসীর ওপর চাঁদাবাজি, অত্যাচার ও নির্যাতন চালিয়ে আসছিল। তার কারণে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। এজন্য তার গ্রেফতারে ব্যবসায়ীরা আনন্দ প্রকাশ করে মিষ্টি বিতরণ করেছেন।
উলপুর বাজারের ব্যবসায়ীরা জানান, অন্তর মোল্লার চাঁদাবাজি ও নির্যাতনের কারণে দীর্ঘদিন আতঙ্কে ছিলেন তারা। স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারছিলেন না। কয়েকদিন আগে ওই চাঁদাবাজ এক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণার গাড়ি ও কর্মীদের উলপুর বাজারে আটকে মারধর করেন, গাড়ি ভাঙচুর করেন এবং টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগ করেন তারা।
গোপালগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, গ্রেফতারকৃত অন্তর মোল্লা গোপালগঞ্জ থানা ও যাত্রাবাড়ি থানার একাধিক মামলার আসামি। তাকে ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সভাস্থলে হামলার মামলায় সন্ত্রাসবিরোধী আইনে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
৫ আগস্টের পর থেকে অন্তর মোল্লা উলপুর বাজারের ব্যবসায়ী ও আশপাশের এলাকাবাসীর ওপর চাঁদাবাজি, অত্যাচার ও নির্যাতন চালিয়ে আসছিল। তার গ্রেফতারে ব্যবসায়ীরা আনন্দ প্রকাশ করে মিষ্টি বিতরণ করেছেন।
— মোল্লা আফজাল হোসেন ইনচার্জ, বৌলতলী তদন্তকেন্দ্র (২৮ জানুয়ারি ২০২৬)
মন্তব্য করুন