
আজ বিকাল সাড়ে ৩টায় বাংলামোটর থেকে উদ্বোধন; নাহিদ ইসলাম-আসিফ মাহমুদ উপস্থিত থাকবেন
আসন্ন গণভোটের পক্ষে প্রচারণার অংশ হিসেবে রাজধানীতে ক্যারাভ্যান কর্মসূচি শুরু করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১২ জানুয়ারি) রাতে দলটির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
এনসিপি জানায়, আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় অফিসের সামনে থেকে গণভোটের পক্ষে প্রচারণা ক্যারাভ্যানের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।
ক্যারাভ্যানটি ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকা প্রদক্ষিণ করবে। এতে দলের নেতাকর্মীরা গণভোটের পক্ষে লিফলেট বিতরণ, স্লোগান ও জনসংযোগ করবেন। দলটি জানিয়েছে, ক্যারাভ্যান কর্মসূচি ঢাকার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে চলবে।
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেন, “গণভোট হচ্ছে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সবচেয়ে বড় সুযোগ। আমরা চাই জনগণের মতামতের ভিত্তিতে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হোক। এই ক্যারাভ্যানের মাধ্যমে আমরা সে বার্তা রাজধানীবাসীর কাছে পৌঁছে দেব।”
এদিকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই অভ্যুত্থানের মূল চেতনা ছিল গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠা। গণভোটের মাধ্যমে সে চেতনাকে আরও সুসংহত করতে চাই। আমরা সবাইকে এই প্রচারণায় যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।”
কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ, ছাত্র-যুব নেতারা অংশ নেবেন। দলটি জানিয়েছে, ক্যারাভ্যান শান্তিপূর্ণভাবে পরিচালিত হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে চলবে।
মন্তব্য করুন