
বিএনপি নেতা-সহ গ্রেফতার; ডিজিটাল ডিভাইস ও প্রশ্নপত্র উদ্ধার
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাধু উপায়ে উত্তর সংগ্রহের প্রস্তুতিকালে বিশেষ প্রযুক্তির ডিভাইসসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাসা থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে রয়েছেন বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলাম।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাসা থেকে ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস, পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তরপত্রের কপি উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মিনারুল ইসলাম নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি আসন্ন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। অপর পাঁচজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অভিযান এখনো চলমান রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার পর জেলার অন্যান্য পরীক্ষা কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের আতঙ্ক বা বিভ্রান্তি ছড়িয়ে পড়া রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন জাহান লুনা বলেন, “ছয়জন আটকের বিষয়টি জেনেছি। আটক ব্যক্তিরা বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছেন। পরীক্ষা পরিচালনার কাজে ব্যস্ত থাকায় বিস্তারিত তথ্য পরে জানানো সম্ভব হবে।”
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী, উলিপুর ও কুড়িগ্রাম সদর উপজেলার মোট ৩৮টি কেন্দ্রে এ পরীক্ষা হয়েছে। এতে অংশ নেন ২৪ হাজার ২৭৪ জন পরীক্ষার্থী।
ঘটনাটি নিয়ে স্থানীয় ও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, তবে সংশ্লিষ্ট দলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন