
টোকিও, ৬ জানুয়ারি ২০২৬: জাপানের পশ্চিমাঞ্চলের চুগোকু অঞ্চলে মঙ্গলবার সকালে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে শিমানে প্রিফেকচারের পূর্বাঞ্চলে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। কম্পনের গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।
প্রধান কম্পনের পরপরই একাধিক আফটারশক অনুভূত হয়, যার মধ্যে একটির মাত্রা ছিল ৫.১। শিমানে প্রিফেকচারের মাতসুয়ে ও ইয়াসুগি শহরে এবং পার্শ্ববর্তী তোত্তোরি প্রিফেকচারের কয়েকটি এলাকায় জাপানের শিন্দো স্কেলে কম্পনের মাত্রা ‘আপার ৫’ রেকর্ড করা হয়েছে—যা এতটাই শক্তিশালী যে ধরে না থাকলে দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে পড়ে।
জেএমএ নিশ্চিত করেছে, এই ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই। তবে আগামী কয়েকদিন, বিশেষ করে পরবর্তী দুই-তিন দিনে আরও শক্তিশালী আফটারশক হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
ভূমিকম্পের কারণে ওয়েস্ট জাপান রেলওয়ে শিন-ওসাকা থেকে হাকাতা রুটে বুলেট ট্রেন (শিনকানসেন) চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। শিমানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি বলে নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি জানিয়েছে।
আপাতত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি যাচাই করছে।
জাপান পৃথিবীর সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। বিশ্বের ৬ বা তার বেশি মাত্রার ভূমিকম্পের প্রায় এক-পঞ্চমাংশই এখানে হয়। এ বছর এটিই জাপানের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
মন্তব্য করুন