
নিজের ছেলের সঙ্গে একই মাঠে খেলার স্বপ্নের কথা আগেই বলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই স্বপ্ন এবার বাস্তবের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল।
সৌদি সংবাদমাধ্যম ‘আল উইয়াম’ জানিয়েছে, রোনালদোর বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র ২০২৬-২৭ মৌসুমে আল নাসরের মূল দলের সঙ্গে অনুশীলন শুরু করতে পারে। ১৫ বছর বয়সী এই উইঙ্গারকে ধাপে ধাপে মূল দলে তুলে আনার পরিকল্পনা করছে ক্লাব কর্তৃপক্ষ।
আল নাসর এখনই জুনিয়রকে মূল দলে জড়াতে চায় না। প্রথমে সিনিয়র দলের সঙ্গে অনুশীলনের মাধ্যমে তাকে শীর্ষ পর্যায়ের ফুটবলের সঙ্গে অভ্যস্ত করানো হবে। কোচিং স্টাফ তার পারফরম্যান্স পর্যবেক্ষণ করবে। উন্নতি সন্তোষজনক হলে পরবর্তীতে ম্যাচের স্কোয়াডেও রাখা হতে পারে।
বয়সভিত্তিক পর্যায়ে ক্রিস্টিয়ানো জুনিয়র ইতোমধ্যে নিজের সামর্থ্য প্রমাণ করেছে। আল নাসরের অনূর্ধ্ব-১৬ দলে অন্যতম সেরা পারফর্মার তিনি। ২০২৬ সালের এপ্রিলে আল ফায়হার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেন। মূলত লেফট উইঙ্গার হলেও তিনি আক্রমণভাগের যেকোনো জায়গায় খেলতে পারেন।
আন্তর্জাতিক পর্যায়েও তার শুরুটা দারুণ। এক বছরেরও কম সময়ে পর্তুগালের বয়সভিত্তিক দলের হয়ে তিনটি শিরোপা জিতেছেন। ২০২৫ সালের মে মাসে ভ্লাটকো মাকোভিচ টুর্নামেন্টের ফাইনালে দুই গোল করে শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন।
রোনালদোর বর্তমান চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত। ৪১ বছর বয়সী এই তারকা ১০০০ গোলের মাইলফলক ছোঁয়ার পরও কিছু সময় খেলা চালিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে ২০২৬-২৭ মৌসুমে বাবা-ছেলেকে একই দলে একসঙ্গে মাঠে নামতে দেখার বিরল দৃশ্য দেখতে পারে ফুটবলবিশ্ব।
তবে ক্রিস্টিয়ানো জুনিয়রের চোখ মূলত ইউরোপে। চলতি বছরের মার্চে তিনি রিয়াল মাদ্রিদের অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গে অনুশীলনও করেছেন।
খবরচিত্র.কম
মন্তব্য করুন