
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, মুজিব বাহিনী তৈরি করা হয়েছিল অন্তর্ঘাত তৈরি করার জন্য। তারা অস্ত্র হাতে দেশে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেনি। তারা দেশে ঢুকে মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ বাদে যেই পক্ষগুলো রয়েছে, তাদেরকে হত্যা করেছিল। ফলে মুজিব বাহিনী কোনো মুক্তিযোদ্ধা নয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “এই সংসদ অধিবেশনে একটি বিষয় বারবার এসেছে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ এবং জুলাই গণ-অভ্যুত্থান। মুক্তিযুদ্ধকে আমরা শ্রদ্ধা করি। আমরা মনে করি, এই প্রজন্ম যারা জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছে—গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের নতুন রূপ তৈরি হয়েছে, মুক্তিযুদ্ধের নবায়ন হয়েছে।”
নাহিদ আরও বলেন, “মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানের কোনো সাংঘর্ষিক অবস্থান নেই। আমরা বারবার বলেছি, জুলাই গণ-অভ্যুত্থান হচ্ছে মুক্তিযুদ্ধেরই আরেকটি ধারাবাহিকতা। মুক্তিযুদ্ধে আমরা সাম্য, মানবিক মর্যাদার কথা বলেছি—গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলেছি। কোথায় পার্থক্য, কোথায় আলাদা?”
তিনি বলেন, “কোন ঘটনা বড়, কোন ঘটনা ছোট—এটি অহেতুক তর্ক। আমরা কেউ বলিনি জুলাই গণ-অভ্যুত্থান মুক্তিযুদ্ধের চেয়ে বড়। অথবা জুলাই গণ-অভ্যুত্থান নব্বই থেকে বড় কিংবা নব্বই থেকে ছোট। জুলাই গণ-অভ্যুত্থান এক বিশেষ ঘটনা, মুক্তিযুদ্ধ এক বিশেষ ঘটনা। মুক্তিযুদ্ধ বাংলাদেশের ফাউন্ডেশন, এটা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। তবে এই কথা বারবার বলে উনারা (সরকারি দল) মুক্তিযুদ্ধকেও ছোট করছেন, জুলাই গণ-অভ্যুত্থানকেও ছোট করছেন।”
খবরচিত্র.কম
মন্তব্য করুন